গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলবশত “রবীন্দ্রনাথ সান্যাল” বলে উল্লেখ করায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই মন্তব্যের প্রতিবাদে আজ উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন। পাশাপাশি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, বারবার বাংলার মনীষীদের নাম বিকৃতভাবে উচ্চারণ করা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চরম অবমাননার শামিল।
এদিন বিক্ষোভস্থলে তৃণমূল নেতৃত্ব বলেন,
“দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী—যেভাবে বারবার বাংলার নাম ও বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আগামী দিনে বাংলার মানুষই বুঝিয়ে দেবে, বাংলার মনীষীদের নাম নিয়ে কটাক্ষ করার পরিণতি কী হতে পারে।”
তাঁরা আরও জানান, বাংলার ভাষা, সংস্কৃতি ও মনীষীদের সম্মান রক্ষায় তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও এই ধরনের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে।
