লরির ধাক্কায় মুছে গেলো দেড়শো বছরের ইতিহাস,পুনঃস্থাপনের দাবী।
শতাব্দী প্রাচীন বাতি স্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়ালো কোন্নগরে। কোন্নগর ক্রাইপার রোডের উপরে তিন বাতির মোড়ে রয়েছে প্রায় দেড়শো বছরের প্রাচীন একটি বাতিস্তম্ভ।

বৃটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে এই স্তম্ভ তৈরী হয়েছিল প্রায় দেড়শো বছর আগে।তাদের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল স্তম্ভে।যা শহরের গৌরব হিসেবে পরিচিত ছিল।অতুল চন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা।তাদের দান করা জমিতেই হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন।

ইতিহাসের সেই বাতিস্তম্ভ আজ দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায়।নির্মান সামগ্রী বোঝাই লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে। তারপরেই গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় কোন্নগর ফাঁড়ির পুলিশ। কিভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে তা নিয়ে শুরু চর্চা।
জি টি রোড থেকে কোন্নগর স্টেশন যোগাযোগের রাস্তা এই ক্রাইপার রোড। রাস্তার উপরে, তিন রাস্তার মোড়ের মাথায় ছিল এই বাতিস্তম্ভ। যা এক কথায় শহরের গৌরব। এলাকার মানুষের অভিযোগ, শহরের অপ্রশস্ত রাস্তায় যেখানে ঠিকভাবে যাতায়াত করা যায় না সেখানে প্রোমোটারদের পণ্যবাহী গাড়ি চলাচল করে।

আজ এই এলাকায় এই লরিটি এসেছিল ইমারতি সামগ্রী ডেলিভারি করার জন্য। তাই করতে গিয়েই তার লরির ধাক্কায় ভেঙে গেছে এলাকার প্রাচীন এই বাতিস্তম্ভ। তাদের দাবি বাতি স্তম্ভটিকে পুনরায় আগের মতন করে দিতে হবে।
স্থানীয় কাউন্সিলর লাল্টু মজুমদার বলেন, এক ব্যবসায়ীর লরি সেখানে মাল খালাস করতে এসেছিল। সেই কাজ করতে গিয়ে এলাকার প্রাচীন এই বাতির স্তম্ভটি ভেঙে দেয়। যেকোনো মানুষের দুর্ঘটনা ঘটতে পারতো। এলাকার এই রাস্তা ভারী যান চলাচলের জন্য উপযুক্ত নয়।
গাড়ির চালক বলে, তার সামনে একটি টোটো এসে গিয়েছিল টোটোটিকে বাঁচাতে গিয়ে এই দূূর্ঘটনা ঘটে।
