জরাজীর্ণ রবীন্দ্র ভবনের সংস্কার করার উদ্যোগ শ্রীরামপুর পৌরসভার।

শহরে রাজ্যের প্রথম রবীন্দ্র ভবনটি তৈরি হয় ১৯৬১ সালে। উদ্বোধন করেন সাহিত্যিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়।এই ভবনটির বয়স প্রায় ৬৫ বছর, দীর্ঘ বছরে একাধিকবার সংস্কার হলেও প্রেক্ষাগৃহটি জরাজীর্ণ, ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে।

প্রসঙ্গত, আ মরি বাংলাভাষা নামে শ্রীরামপুরের একটি সংস্থা গত তিনবছর ধরে একটি অত্যাধুনিক প্রেক্ষাগৃহের দাবিতে পুরসভা ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে।শহরের বিশিষ্টজনের মতামত, পরামর্শ নিয়ে অবশেষে শ্রীরামপুর পুরসভা হলটির পূর্ণাঙ্গ সংস্কারে হাত দিল। নাটক, সঙ্গীত, নৃত্য, শব্দ, আলোর বিশেষজ্ঞসহ সংস্কৃতি জগতের বিশিষ্টরা তাঁদের মতামত দেন হলটির আধুনিকীকরণে। আধুনিকীকরণের কাজ আনুমানিক আগামী বছরের মার্চের মধ্যে শেষ হবে বলে জানান শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা।এই ভবনের আধুনিকীকরণের জন্য সরকারি অনুদান ধার্য হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকার। আধুনিকীকরণের পাশাপাশি থাকছে, আধুনিক বিশ্রামাগার ও শৌচাগার, দর্শকদের বসার ব্যবস্থা।