নিজস্ব সংবাদদাতা হুগলি:- গাছতলায় গাঁজার টান, নিজের দলের পার্টি অফিসেই তালা ঝোলানোর নির্দেশ তৃণমূল বিধায়কের

নিজের দলের কার্যালয়েই তালা ঝোলানোর নির্দেশ দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার উপর ঐ কার্যালয় একটা সময় অসিত মজুমদারই উদ্বোধন করেছিলেন। সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়টি অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার পর এলাকায় তুমুল শোরগোল পড়ে।
অসিত মজুমদার বলেন, “আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম। কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজবিরোধী কার্যকলাপ করবে, এটা আমি হতে দেব না।”
এ দিন সন্ধ্যায় জমা জল নিয়ে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে যান বিধায়ক। ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের আগে জিটি রোডের পাশে গাড়ি থেকে নামতেই গাছতলায় কয়েক যুবককে গাঁজা টানতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে ‘ধর ধর’ বলে ধাওয়া করেন। বেগতিক বুঝে যুবকেরা পালিয়ে যায়। স্থানীয়রাও এলাকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে ধরেন।

এ দিন ঘটনাস্থলে থাকা দলীয় কর্মীদের তিনি ধমক দেন। পাশেই দলীয় কার্যালয় থাকলেও অনৈতিক কাজ কীভাবে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে পুলিশ এসে পৌঁছায়। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য ইন্দু পাশওয়ান ও উপ-প্রধান প্রদীপ রায়। কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে ডেকে ২৪ ঘণ্টার মধ্যে তালা ঝোলানোর নির্দেশ দেন অসিত।
অন্যদিকে, বিজেপি কটাক্ষ করে জানায়, “তৃণমূলের সব পার্টি অফিসেই অনৈতিক কার্যকলাপ চলে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নজরদারির দাবি উঠেছে স্থানীয়দের