নিজস্ব সংবাদদাতা হুগলি:- দুর্গাপুজো উপলক্ষে হগলী জেলার শ্রীরামপুর ও রিষড়ার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হল রিষড়া রবীন্দ্রভবনে। এদিন শ্রীরামপুরের ৪৮৫টি এবং রিষড়ার ৮০টি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা এবং রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ পুরপ্রধান জাহিদ হাসান, এছাড়া দুই পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “পুজোর পাশাপাশি প্রত্যেকটি পুজো কমিটিকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এবছর শ্রীরামপুরেই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে।”

চাঁপদানির পুরপ্রধান অরিন্দম গুঁইন বলেন, “পুজো সুন্দরভাবে সম্পন্ন করার জন্যই মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন।”
রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, “মুখ্যমন্ত্রীর অনুদানের ফলে বাংলার পুজোর মর্যাদা ও মাত্রা অন্য স্তরে পৌঁছেছে।”
এই উদ্যোগে পুজোকে আরও নিরাপদ, সংগঠিত এবং উৎসবমুখর করে তুলতে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়েও এ দিন আলোচনা হয়।
